কবিতার মায়াজাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতার মায়াজাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

কবিতার মায়াজাল - ৭


সময়ের গল্প

সুমাইয়া তাসনিম


মাঝে মাঝে মনে হয় পরিচিত সময়গুলো হারিয়ে ফেলছি।
পাশ কাটিয়ে যাওয়া কেউ,
হুট করেই মনে হয় ওই চোখ দু’টো পরিচিত...
অনেক পায়ের ছন্দ আমার চেনা মনে হয় খুব...
চলতি পথে থমকে দাঁড়াতে হলে শহুরে পথের ব্যস্ত রঙের বহর দেখি।
অত রঙের ভীড়েও সামনে দাঁড়ানো লাইটপোস্টের ক্লান্ত হলুদ রঙ কেন আপন মনে হয় বুঝে পাইনা।
সহসাই মনে হয় সে-ই তো কেবল আলগোছে বুঝে নিয়েছে কি তীব্রভাবে প্রতিনিয়ত আমি গোপন করতে চেয়েছি নিজেকে...!
নিজের ম্লান আলোর বিমূর্ত শব্দময়তায় আড়াল করে নিয়েছে আমার সমস্ত রঙ।
কেউ কি জানতো, কত প্রচন্ড ছেলেমানুষি ব্যাকুলতা আমার ভেতরে ঘর করেছে দিনের পর দিন?
কত তীব্রভাবে বিলীন হয়ে যেতে চাইতাম অসীমে?
কোনো একদিন বিলীন হবো_ এ অনিবার্য সত্যকে কত বর্ণে চোখের পাতায় রেখেছি ভীষণ যত্নে;
অতটা কি পড়া যেতো চোখের তারার ভীরু বৃত্তের সংকোচে!


এভাবে বেঁচেছি একটা কৈশোর।
লাগামছাড়া কৌতুহলে মানুষকে বুঝেছি একেকটা নিঝুম-গহীন হৃদের মত।
কারো কারো অস্তিত্ব ছোঁয়া গেলে শুদ্ধ হওয় যায়।
আর কেউ! পার্মানেন্ট মার্কার।
হাঃ হাঃ হাঃ......
দাগ রেখে যায়।
অবাঞ্চিত সময়ের চিহ্ন রেখে যায়।
ইতস্তত দৃষ্টিতে একমুঠো অন্তঃসার শূন্যতা রেখে যায়।
এভাবে সময়ের বেলা বাড়ে।
সময়ের সাথে আমার তবু সখ্য হয়না আর কোনোদিনও।
অসমাপ্ত কথারা ছিড়ে যাওয়া মালার পাথরকণাদের মত একেকটি বিচ্ছিন্ন নক্ষত্রের মত হৃদয়ের বালুচরে সংসার পেতে থাকে।
শূন্যতায়-ব্যস্ততায়, নৈঃশব্দে-কোলাহলে জানান দেয়, “আমি আছি”।
‘আমি তোমার দেখা সেই শরতের বিকেল,
যার কাছে তুমি আকাশ দেখতে শিখেছিলে।
আমি সেই সন্ধ্যার আবীর,
যার কাছে জেনেছিলে ঝরাপাতার নিঃসীম নিঃসঙ্গতা...
আমি সেই ঘর পালানো অভিমানী মেঘ,
তোমার হাতের রেখায় মুক্তির পথ খুঁজেছিলো যে।’

ব্যস্ত কথার রাশ টেনে আচম্বিতে ব্যস্ত দুপুর থমকে দিয়ে এমন করে ফিরে আসে আমার হতচ্ছাড়া কৈশোর।।


আমি মেঘের মন বুঝিনা।
চোখের দেখায় আমি কোনো ফুলের রঙ বুঝিনা।
আমার ভেতরে কথা কয় যে,
তার কাছে আমার আজন্ম আড়াল খোঁজা।
আমাকে আমার হারানো জ্বোনাক সখার ঠিকানা পাঠাও,
আমি বিবর্ণ আঠারোর আগল খুলে অসম্পূর্ণ শেষকৃত্যের গল্প বলতে চাই।
এভাবে পুড়েছে প্রতিটি সকাল যে, সে অঙ্গার; রাত্রির সমস্ত কৃষ্ণপক্ষ ধারণ করেছে শেষপর্যন্ত।
কি নিবিড় নিপুণতায় একই খোলসে লালন করেছি বিপুল বৈপরীত্য!
অনেক ইচ্ছেদের তাড়িয়ে দিয়ে নাগরিক বোধের শাসন মাথা পেতে মেনে নিয়েছি বড় হবো বলে।
অথচ সময়ের ধাঁধা মানুষকে বিভ্রান্ত করেছে চীরকাল...
সংসারের চাতুর্যকে মাধুর্য ভেবে ভ্রম হয়।
বয়েস আটকে আছে সেই শীতের রাতের ক’ফোটা শিশিরে,
অথচ আমি বড় হতে চেয়েছি...।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫

কবিতার মায়াজাল - ৬

যেতে চাস, চলেই যাবি?
যেতে চাস চলেই যাবি,
কিন্তু কোথায়?
কার কাছে তুই যাবি আমার?
যেতে চাইলে যেতে পারিস,
মস্ত উঠোন এপার ওপার দেখা যায় না,
মাঠ পেরুলেই ফুরিয়ে যাবে চোখের বাঁধন,
হারিয়ে যাবে এবড়ো থেবড়ো ধুলোয় ভরা
এই নিগড়ে বাঁধা হ্রদয়।

যেতে চাস? যা- চলেই যা!
গেলেই কি আর যেতে পারবি?
পরে থাকবে বিরাট পিছন;
আঁচল ধরে পোষা কুকুর -মেচে।
সেই দিন ঠিক যেইখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি;
সেই জায়গা টা ভিতর থেকে টেনে ধরলে যেতে পারবি?
হয়তো পারিস! তার উপরে কানের পাশে ঘনো ঘনো
উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে মনে পড়বে;
মনে পড়বে, মনে পড়বে, মনের দরজায় ডাকাত পরবে।
তখন কোথায় পালিয়ে বাঁচবি?

সেইতো আবার মানুষ খোঁজা, আবার একটা হ্রদয় খোঁজা।
সব হারানোর ব্যথায়, শোকে গভীর কাওকে জরিয়ে ধরা।
বেঁচে থাকতে সবি সমান,
আমিও যা তুইও তেমন।

যেতে যেতে সড়ক মিলে-গঞ্জ থেকে বন্দরে যায়
কিন্তু তবু মুঠো খোলে না, সতর্ক চোখ বুজে না।

কি হারাবি সময়? মানুষ?
অনাগ্রতা হাস্নাহেনা............

কবিতা: যেতে চাস, চলেই যাবি
কবি: শান্তি লাহিড়ী
আবৃত্তি: মাহিদুল ইসলাম

https://www.youtube.com/watch?v=9wAucYkmWbE

রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৫



কবে?
যীনাত

আমার বন্ধু বড় হবে কবে?
কবে ছুঁড়ে ফেলে দেবে
তার বড় বড় কষ্টগুলোকে?
কবে নিকষ কালো হতাশাকে
মুছে দেবে,
সূর্যোদয়ের মোলায়েম আলো হয়ে
প্রাণ ফিরে পাবে?
আমার বন্ধু,
বড় হবে কবে?

আমার এতো এতো কাছের হাসিমুখগুলোর মাঝে
তার অনুপস্থিতি আমাকে ভাবায়
কবে বুঝবে সে?
সমাজের দয়ায় পাওয়া সব আড্ডার মাঝেও
তার জন্য রেখে দেয়া ভালোবাসায় ঘাটতি পড়েনি
কবে জানবে সে?

আমার বন্ধু অভিমান ভুলে
হেসে উঠবে কবে?
জীবনের উঁচুনিচু পথে হাত ছেড়ে দেবার অপরাধ
ক্ষমা করে দেবে?
আঘাতে আঘাতে তাকে মজবুত হতে দেব বলে
বিদায় দিয়েছি,
সেকথা বুঝবে সে;
কবে?

আমার বন্ধু বড় হবে কবে?
ভালবাসা পাবে,
আর ভালবাসা দেবে,
অভিমান মুছে - আলো ছড়াবে ;
আমার বন্ধুটি,
সে, বড় হবে কবে?

সাদা ডানায় ভর করে উড়ে উড়ে
কবে সে দেখবে দুচোখ ভরে
বন্ধুত্বের স্বর্গীয় রঙ?
কবে সে জানবে, হৃদয় কখনো ভাঙা যায় না,
একবার পাশে দাঁড়ালে সে স্থান কখনো খালি হয় না,
হাতে হাত রাখলে সে বন্ধন টিকে থাকে উষ্ণ হৃদয়ে,
পাঁচ আঙুলের অবর্তমানে তারা হারায় না।
কবে জানবে সে?
কবে বুঝবে?
আমার প্রাণের বন্ধুটি, বড় হবে কবে?

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৪

 

 

স্বীকারোক্তি

অনল দুহিতা 

 

কার অপরিহার্যতা আছে জীবনে
আর কে নিতান্তই তুচ্ছ,
তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার।
কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে,
কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা,
কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে,
আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়,
খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না...

তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই,
অতটুকু বুঝতে পারি বটে!
কিন্তু চোখ তুলে ডাকবো,
মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’
তা আর হয়ে ওঠে না...।
কেউ আমাকে বাঁধতে পারেনি,
আমিও বাঁধিনি কাউকে।
বাধা পড়ার মত সভ্য যে আর হওয়া হলনা!
তাই প্রস্থান হাসিমুখে মেনে নিই।
মানব হ্ণদয়গুলো থেকে সামলে রাখি নিজেকে।
তোমাদের হ্ণদয়ের ক্ষত আর বড় না হোক,
দীর্ঘশ্বাসগুলো আর ভারী না হোক,
হঠাৎ-এর মুখোমুখিতে ফের অভিমান না জমুক,
তাইতো এ প্রচ্ছন্ন দুরত্ব!

আমার বুকে হাত রেখে স্পন্দনের গতি বুঝতে চেয়োনা।
ভাবলেশহীন চোখে চোখ রেখে ভেতরটা পড়তে যেয়োনা।
ওখানে যে কি ভয়ানক অমাবশ্যা এখন!!

অনন্য

বুধবার, ২৫ জুন, ২০১৪

কবিতার মায়াজাল - ৩


শূন্যতার পরিসমাপ্তি
সুপ্ত তাহারাত

আবারো রাত্রিশেষের নরম ভোর            
কড়া নাড়ছে দরজার,
তার আগমনধ্বনি মিশে গেছে
অপেক্ষার ক্রান্তিকালে দাঁড়ানো আমাদের প্রসন্ন তাকবীরে।

জং ধরা হৃদয়ের টুকরাগুলো
ঝলসে উঠুক আরেকবার,
আর চারপাশে মুক্তোর দানা হয়ে ছড়িয়ে থাকা সময়
অপেক্ষায়...
কুড়িয়ে নেয়ার।
তারপর হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়ে দেয়া
অনন্ত প্রেমময়ের প্রতি।
বুঝিবা মহাসিন্ধুর মাঝে একফোঁটা জল
সিক্ত হয়ে উঠা প্রতিটি রগরেশার।

তারপর আবারো অপেক্ষা
শাণিত হয়ে উঠা অব্যর্থ হৃদয়ের,
আরেকটি কালরাত্রির পরাজয়ের সাক্ষ্য হবে বলে।
জুলুমের অন্ধকার ফেটে প্রদীপ্ত হোক সোনালী ভোর,
আর তার আগমনধ্বনি মিশে যাক,
অপেক্ষার ক্রান্তিকালে দাঁড়ানো আমাদের প্রসন্ন তাকবীরে।।

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

কবিতার মায়াজাল - ২


কালো চোখের কাসিদা
আল মাহমুদ



ভোরের নদীর মতো মনে হয় তোমাকে কখনো,
কখনো বা সন্ধ্যার নদী, আবছা ছায়ার নিচে
দূর গ্রামে সূর্য ডুবে যায়
পড়ন্ত আলোর মধ্যে প্রকৃতির রহস্যে জড়ানো
আমি দেখি সেই মুখ নত আরও-নত প্রার্থনায়।

ঠাণ্ডা জায়নামাজের বুটিতোলা পবিত্র নকশায়
একটি আরশোলা হাঁটে। এ কার আত্মা, কার প্রাণ?
নাকি কোন মুরতাদ জিন লাঞ্ছনার খাদ্য খুটে খায়
আর শুকনো কাপড়ে দেখে অগ্নিশিখা, নিজেরই সমান।

তোমার সিজদা দেখে এ ঘরের পায়রা ডেকে ওঠে
গম্বুজের ভেতরে যেন দম পায় সুপ্ত এক দরবেশের ছাতি,
কি শীতল শ্বাস পড়ে। শান্ত শামাদানের সম্পুটে
বাতাসের ফুঁয়ে যেন নিভে গেল ফজরের মগ্ন মোমবাতি।

তুমি কি শুনতে পাও অন্য এক মিনারে আজান?
কলবের ভিতর থেকে ডাক দেয়, নিদ্রা নয়, নিদ্রা নয়, প্রেম
সমুদ্রে খলিয়ে অজু বসে থাকে কবি এক বিষণ্ণ, নাদান।
সবারই আরজি শেষ। বাকি এই বঞ্চিত আলেম।

আমার তসবী শুনে হয়তো বা দ্রব হন তিনি
যার হাতে অদৃষ্টের অনিবার্য অদৃশ্য কলম,
কবিরও ভাগ্যের লিপি স্মিতহাস্যে লিখে যান তিনি
অদেখা ক্ষতের দাহে মেখে দেন আশার মলম।

তোমার সালাত শেষে যে দিকেই ফেরাও সালাম
বামে বা দক্ষিণে, আমি ও মুখেরই হাসির পিয়াসী;
এখনও তোমার ওষ্ঠে লেগে আছে আল্লাহ্‌র কালাম
খোদার দোহাই বলো ও ঠোঁটেই, 'আমি ভালোবাসি।'

প্রভুর বিতান থেকে প্রেম আসে আদমের আত্মা হয়ে, নারী
পেরিয়ে নক্ষত্রপুঞ্জ, ছায়াপথ, আণবিক মেঘের কুণ্ডল,
চুইয়ে প্রাণের রস গ্রহে গ্রহে কুয়াশা সঞ্চারি
কবির চোখের মধ্যে হয়ে যায় একবিন্দু জল।

আমার রোদনে জেনো জন্ম নেয় সর্বলোকে ক্ষমা
আরশে ছড়িয়ে পড়ে আলো হয়ে আল্লাহ্‌র রহম,
পৃথিবীতে বৃষ্টি নামে, শষ্পে ফুল; জানো কি পরমা
আমার কবিতা শুধু অই দুটি চোখের কসম।

শনিবার, ৩১ মে, ২০১৪

কবিতার মায়াজাল - ১

ঝরোকা 
ফররুখ আহমদ

সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও
খুলে দাও সকল রুদ্ধ দরোজা।
আসুক সাত আকাশের মুক্ত আলো
আর উচ্ছল আনন্দের মত
বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. ..
যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে
আমি চিনে নিতে পারি
রক্তমনির চেয়েও লাল সুনভিত
একটি তাজা রক্ত গোলাপ;
আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো
দাউদের পুত্র সোলায়মানের মতো
কেননা দ্বিধা-দ্বন্দ্বের আকাশ আছে পৃথিবীতে
চিরন্তন শুধু সত্যের অন্বেষা।